অনলাইন সংস্করণ
১৭:৩৭, ২৭ মার্চ, ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বিমানবন্দর এলাকার একটি অবৈধ আস্তানা থেকে প্রায় ৩০ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ডিজেলের পরিমাণ প্রায় ৬ হাজার লিটার, যা প্রায় ৬ টনের সমপরিমাণ। এ সময় তেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দ করা জ্বালানি তেল ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। অভিযান শেষে উদ্ধার হওয়া সব মালামাল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেছে।