ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু; চা শ্রমিকদের কর্মবিরতি

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু; চা শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজারের কমলগঞ্জে রিয়া বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বাগান ব্যবস্থাপনার কাছ থেকে চিকিৎসা সহায়তা না পাওয়ায় বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন।

মৃত চা শ্রমিক রিয়া বেগম দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী।

চা শ্রমিকেরা জানান, দেওড়াছড়া চা বাগানের নারী চা শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের কাছ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি। পরে গত বুধবার (১ এপ্রিল) মধ্য রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া বেগমের মৃত্যু হয়। এ ঘটনার পর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন রিয়া বেগম এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন।

চা শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন দেওড়াছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ন, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়া-সহ শ্রমিকেরা।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।

আন্দোলনকারী চা শ্রমিকেরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম গত বুধবার রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছ সহায়তা চাওয়া হলেও সহায়তা মেলেনি। এজন্য বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন বাগানের শ্রমিকেরা।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় বসেছি। আলোচনার পরে বোঝা যাবে শ্রমিকেরা কাজে ফিরবেন না আন্দোলন করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত জহিরুল হক-এর ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কমলগঞ্জ,অন্তঃসত্ত্বা,নারীর মৃত্যু,চা শ্রমিক,কর্মবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত