
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুটি মুদি দোকানে মজুদ রাখা ১৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মবুপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের ব্যবসায়ী হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ইশরাত জাহান জানান, উদ্ধার করা তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এ অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।