
নীলফামারীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে জেলার কিছামত দোগাছী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। একরামুলের স্ত্রীর সঙ্গে মতিবুল ইসলাম নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার তাদের পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এই বিরোধের জেরে একরামুলের ছেলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মতিবুল ইসলামকে জবাই করে হত্যা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।