
পাবনার ঈশ্বরদীতে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে ‘বৈশাখী শোভাযাত্রা’, বাঙালির ঐতিহ্য ঢাক-ঢোল, নাঙ্গল-ঢেঁকি, কুলাসহ বাঙালির দৈনন্দিন জীবনের বিভিন্ন উপকরণ নিয়ে বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে ঈশ্বরদী সরকারি কলেজ।
অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন-সহ শিক্ষক পরিষদের সম্পাদক মুরারী মোহন দাস, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কবিতা চাকলাদার ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজরুল ইসলাম নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর চলে বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ খাবার আয়োজন।
এদিকে উপজেলা চত্বর থেকে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মিলনায়তনে চলে পান্তার আয়োজন। স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, কৃষক, শ্রমিক, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।