
সিরাজগঞ্জের আধিপত্য বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় মহল্লার নারীসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পৌর এলাকার দুই মহল্লাবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই পৌর এলাকার পূর্ণবাসন ও নাইয়াবাড়ি মহল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সোমবার রাতে ওই মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায় এবং দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা রামদা, ফালা, বাটুল ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকালে ফের কয়েক দফা সংঘর্ষ হয় ওই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, ওই দুই মহল্লায় সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।