
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে তিন বছর বয়সী কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হন সুমন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু সাফিয়া। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। তবে শিশু সাফিয়া সামান্য আঘাত পেলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, “এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”