ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লালমনিরহাট সীমান্তে যুবকের মৃত্যু, দায় অস্বীকার বিএসএফের

লালমনিরহাট সীমান্তে যুবকের মৃত্যু, দায় অস্বীকার বিএসএফের

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছররা গুলিতে নিহত হয়েছেন খাদেমুল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।

নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলীমারি শিবিরের টহল দল গুলি চালায়। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে বিএসএফ ঘটনাটি তদন্তের আশ্বাস দিলেও পরে তারা সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। বিএসএফের দাবি, ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালাননি এবং অস্ত্র পরীক্ষায় গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একই সঙ্গে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও চলছে।

অস্বীকার বিএসএফের,যুবকের মৃত্যু,লালমনিরহাট সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত