
সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের ফজলর রহমানের ছেলে জসিম উদ্দিন এবং চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত এপিপি শামসুজ্জোহা শাহান শাহ।
তিনি জানান, ২০২২ সালের ৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ভেংড়ী নামক স্থানে অভিযান চালায়। এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৩৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।