
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার মাধবখালী ইউনিয়নের ৩০০টি অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
মাধবখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক মো. পলাশ হাওলাদার, সাবেক সভাপতি মো. মনির খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংসদ সদস্য অত্র এলাকার জন্য ১৫ টন চালের বিশেষ বরাদ্দ এনেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে মাধবখালী ইউনিয়নের দুস্থদের মাঝে ৩ টন চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে। বাকি চাল পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকার অসহায় মানুষের মাঝেও বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পবিত্র ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।