
দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের মধ্যেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার তিনি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে, সে বিষয়ে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি জানান, পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে সার্বক্ষণিকভাবে কাজ করছেন এবং খাল, নালা-নর্দমার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও নির্দেশ দেন, জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, যেকোনো প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করতে হবে এবং পানি প্রবাহে বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হলেও নগরীর অধিকাংশ এলাকায় দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে। ফলে কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা তৈরি হয়নি এবং সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ভোগান্তি দেখা যায়নি।
তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। ভবিষ্যতেও নগরবাসীর দুর্ভোগ কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।