ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট: ২ হকারের জেল, ৩ জনকে জরিমানা

হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট: ২ হকারের জেল, ৩ জনকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ফুটপাত ও সড়কের অংশ দখল করে যানজট সৃষ্টি এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২ জন হকারকে ৭ দিনের কারাদণ্ড এবং ৩ জন হকারকে আর্থিক জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন এক হকার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেন।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান ২ জনকে কারাদণ্ড এবং ২ জনকে আর্থিক জরিমানা করেন। এ সময় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের নেতৃত্বে পুলিশ সদস্যরা।

অভিযানকালে হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সম্রাট, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌরসভা শ্রমিক দলের সদস্য সচিব মো. সোহেল রানা সোহেলসহ নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বাজারের ব্যবসায়ী ও হকারদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “এখন থেকে কোনো হকার বা দোকানদার সড়ক কিংবা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্ট দোকানদার অথবা যার দোকানের সামনে হকার বসবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জ বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বাজারের শৃঙ্খলা রক্ষায় তিনি ব্যবসায়ীসহ জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে হাজীগঞ্জ বাজারে যানজট কমবে এবং পথচারীদের চলাচল আরও সহজ হবে।

৩ জনকে জরিমানা,২ হকারের জেল,মোবাইল কোর্ট,হাজীগঞ্জ বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত