
চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন ডিহি কৃষ্টপুর গ্রামের হাসিবুল ইসলামের বাড়ির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ এবং ১টি আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। সোমবার (১৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক হাসিবুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
পরে গভীর রাতে চোর চক্রের সদস্যরা বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মোটরসাইকেল, ল্যাপটপ ও আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরের মালামাল লুট হয়ে গেছে। পরে সকালে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বাড়ির মালিক হাসিবুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মালামাল উদ্ধার ও আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।