ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদের মৃত্যু

উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদের মৃত্যু

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য ‘অপূরণীয় ক্ষতি’।

শোকবার্তায় তাকে ‘দূরদর্শী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ কণ্ঠস্বর’ হিসেবে স্মরণ করা হয়।

আইবিসিসিআই সভাপতি মো. মশিউর রহমান এক শোকবার্তায় বলেন, “সেলিমা আহমাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”

তিনি সেলিমা আহমাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমপি,সেলিমা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত