
চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সারাদেশে ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬৫টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৯ হাজার ৪৩ জন। এবারে ছেলে পরীক্ষার্থীর চেয়ে ৪ হাজার ৬০৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
তিনি জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৯ হাজার ৬৩৯ জন, মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, এবারের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রতিটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব তার কক্ষে বসে প্রতিটি পরীক্ষা কক্ষের চিত্র পর্যবেক্ষণ করতে পারবেন। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের ওপর ১৪৪ ধারা জারি রাখবেন। এ জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সচিবগণ মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন কলেজ শিক্ষকদের সমন্বয়ে গঠিত নিয়মিত ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের দায়িত্ব পালন করবে।
এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব ঝটিকা ভিজিল্যান্স টিম বোর্ডের সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, এবারে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।