
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬-এর জন্য দেশের ৬ জন গুণী লেখকের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি।
তিনি জানান, দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমি। ২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুলকে মনোনীত করা হয়েছে।
অন্যদিকে ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্য বিভাগে মোস্তফা কামাল যাত্রা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। এর আগে দেশের বহু গুণী সাহিত্যিক এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
এবারের আয়োজনের অনুষ্ঠান পার্টনার হিসেবে রয়েছে কনসেপ্ট আইএলটিএস অ্যান্ড স্পোকেন সেন্টার, চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম।