
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহাল এবং প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবিতে আবারও মাঠে নেমেছে রাঙ্গামাটির সর্বস্তরের নাগরিক সমাজ।
মঙ্গলবার সকাল ১১টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। এতে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী পদে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পুনর্বহালের জোরালো দাবি ওঠে। একই সঙ্গে বিতর্কিত প্রতিমন্ত্রীকে অপসারণের দাবিও জানানো হয়।
রাঙ্গামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতিকর্মী নীতি ভূবন চাকমা এবং নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং পাহাড়ের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। এ ঘটনা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্য দিয়ে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হোক। সমতলের কোনো প্রতিনিধিকে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে পাহাড়ের যোগ্য সন্তানকে তার পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত।
মানববন্ধনে বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।