
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জনসেবা ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি তারা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।