
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, বিএনপি নেতা মনির খন্দকার, জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক, সেক্রেটারি মো. শাহজাহান, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় আহত জুলাই যোদ্ধা মো. জসিম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আন্দোলনের বিভিন্ন ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। তাদের আত্মত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়। দেশের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ওপর গুলিবর্ষণের ঘটনা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।