ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে জাল দলিল চক্রের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মির্জাগঞ্জে জাল দলিল চক্রের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শৈলাবুনিয়া গ্রামে ভুয়া দলিলের মাধ্যমে খালেক ও বারেকের বিরুদ্ধে এলাকাবাসীর জমি আত্মসাতের অভিযোগে প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, খালেক ও বারেক এবং তাদের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় লুটপাট, ভূমিদস্যুতা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এলাকায় তারা ভূমিদস্যু হিসেবে পরিচিত। তাই খালেক ও বারেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

মো. রুহুল আমিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করে তাঁর পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া কোটি টাকা মূল্যের জমি আত্মসাতের চেষ্টা করা হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শৈলাবুনিয়া মৌজায় জাল দলিল তৈরি করে স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিনের ৬ একরের বেশি জমি নিজেদের নামে মিউটেশন ও রেকর্ড করার অভিযোগ উঠেছে আবদুল বারেক সিকদার ও আবদুল খালেক সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় সিআইডির তদন্তে জালিয়াতির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে।

আদালত ও সিআইডি সূত্রে জানা যায়, ১৯৬৩ সালের ১৮ এপ্রিলের কথিত ৮৮৩ নম্বর দলিলের মাধ্যমে জমির মালিকানা দাবি করেন অভিযুক্তরা।

তবে তদন্তে দেখা যায়, দলিলের বিভিন্ন অংশে জমির পরিমাণ তিনভাবে উল্লেখ করা হয়েছে। কোথাও ৬ একর ৭৫ শতাংশ, কোথাও ৭ একর ২১ শতাংশ, আবার হিসাব অনুযায়ী দাঁড়ায় ৯ একর ৭১ শতাংশ।

এছাড়া দলিলে দাতাদের ক্রমিক নম্বর, নাম, স্বাক্ষর ও টিপসইয়েও গুরুতর অসঙ্গতি পাওয়া যায়।

এলাকাবাসীর মানববন্ধন,বিচারের দাবি,জাল দলিল চক্র,মির্জাগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত