ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবি, ১৮ জনকে জীবিত উদ্ধার

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবি, ১৮ জনকে জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। যেখান থেকে ১৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় জেলেরা।

উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাটি ডুবে যায়। এতে ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হলেও অন্তত আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।

তিনি জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীরদ্বীপ উপকূলে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল বলেন, “সকালে ৩১ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। আমরা ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।”

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “শাহপরীরদ্বীপ এলাকায় একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। কী কারণে তারা বাংলাদেশে এসেছে, তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।”

জীবিত উদ্ধার,১৮ জন,নৌকা ডুবি,রোহিঙ্গাবোঝাই নৌকা,টেকনাফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত