
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন IUGIP Package-5 প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট থেকে হাসপাতাল রোড হয়ে মানিকপুর দশতলা ভবন পর্যন্ত ৭৩৮ মিটার আরসিসি সড়ক ও ২৩২ মিটার ড্রেন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। বৃহস্পতিবার দুপুরে তিনি পরিদর্শনে বের হন।
পৌরসভার অন্যতম ব্যস্ততম এই সড়কটির নির্মাণকাজ পরিদর্শনকালে প্রশাসক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজের গতি বাড়ানোর পাশাপাশি নির্মাণকাজের মান ও গুণাগুণ যথাযথভাবে বজায় রাখার কঠোর তাগিদ দেন।
উল্লেখ্য, কাজে ধীরগতির কারণে ইতঃপূর্বে ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে ঠিকাদারকে চূড়ান্ত তাগিদ প্রদান করা হয়েছে।
পরিদর্শনকালে প্রশাসক মানিকপুর হতে হাসপাতাল সড়ক অংশে Water Based Macadam (WBM)-এর নির্মাণকাজ ও যথাযথ Compaction সম্পন্ন করে দ্রুত আরসিসি ঢালাই কাজ বাস্তবায়নের নির্দেশ দেন। সড়কের পাশে আরসিসি ড্রেন নির্মাণকালে ওয়ার্ক সাইটে কাজের কোয়ালিটি ও ওয়ার্ক সেফটি যথাযথভাবে বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া আরসিসি ওয়ার্কসের পর্যাপ্ত কিউরিং ও শাটারিং নিশ্চিত করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন প্রশাসক।
পৌর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।