
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কেএমপির গোয়েন্দা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধির খবরে জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় পুলিশ কমিশনারের নির্দেশনায় গোয়েন্দা বিভাগ ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৪ আগস্ট ভোর সাড়ে ৩টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় গুলিবর্ষণের ঘটনায় আব্দুল হক হাওলাদার আহত হন। অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত ওই ব্যক্তি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ওই ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে খুলনা থানার নিরালা আবাসিক এলাকার রোড-২৯-এর একটি বাসার শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার শিবলী হোসেন রুবেল সন্ত্রাসী গ্রুপ পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, খুলনা মহানগরীকে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।