
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগাজিন, কয়েকটি দেশীয় অস্ত্র, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকার আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকার বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক (পরিচালক) মোহা. আসাদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর ও গোয়ালন্দ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে মোমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকা থেকে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।