
দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে একটি বিক্ষোভ মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
পরে আয়োজনের সভাপতি এটিএম আজম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের হাতে স্মারকলিপি তুলে দেয়।
এ সময় প্রতিনিধি দলের সঙ্গে চলমান জনভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের আলোচনা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে সারাদেশে গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ, বিদ্যুৎ বিলের অনিয়ম তদন্ত করে ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার এবং মজুতদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদান শেষে সভাপতি এটিএম আজম খান সাংবাদিকদের বলেন, বর্তমান গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের আজকের এই দাবিগুলো শুধু আমাদের দাবি নয়, এগুলো সাধারণ মানুষের দাবি। তাই অবিলম্বে সরকারকে এই সমস্যাগুলো নিরসন করতে হবে। অন্যথায় দেশের মানুষ দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, এলডিপি নেতা শামসুদ্দীন রাজাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।