
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নতুন প্রকৃতির বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মাদকসহ তারিকুজ্জামান নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলে তল্লাশি চালান ৩৩ বিজিবির সদস্যরা।
তল্লাশিকালে কেমিক্যাল মিশ্রিত মারাত্মক সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১২ কেজি ‘কুশ’-এর প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ উদ্ধার হওয়া আলামতের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সঙ্গে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ (টিএইচসি) নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে এই মাদক প্রস্তুত করা হয়, যা সাধারণ মাদকের তুলনায় বহুগুণ বেশি বিষাক্ত।
তিনি আরও বলেন, সীমান্ত পার করে ভারতে এই মাদক পাচারের নেপথ্যে থাকা চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।
আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।