
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ও দুর্গাপুরের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন সজীবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় দুই দলের খেলোয়াড়েরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। শেষ পর্যন্ত ময়মনসিংহ ব্যাংকার একাদশকে তিন গোলে হারিয়েছে দুর্গাপুর একাদশ। খেলা ঘিরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা।
আয়োজক শাখাওয়াত হোসেন সজীব বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতিও বাড়ে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতেও দুর্গাপুরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দুই এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।