
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শাহীন চৌধুরী (৪৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) উপজেলার আবাসনগর এলাকায় সোমেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহীন চৌধুরী উপজেলার পাইকপাড়া এলাকার লতিফ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বেশকিছু দিন ধরে তিনি পারিবারিক বিষন্নতায় ভুগছিলেন। দিনের পর দিন বাড়িতে যেতেন না। নেশা করতেন নিয়মিত।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সোমেশ্বরী নদীতে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কখন থেকে তিনি নিখোঁজ ছিলেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নদীতে পড়ে গিয়ে মৃত্যু, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাহীনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।