
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মো. শহিদুল ইসলাম (৪০) ওরফে ‘ট্যাবলেট শহিদুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাগভান্ডার সোনাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল কৌশলে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশের দাবি, শহিদুলকে গ্রেপ্তারের জন্য এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার অভিযান চালালেও তিনি বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের উঠতি বয়সী বেশ কিছু কিশোরকে মাদকের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দিনাজপুর ও রংপুরের বিভিন্ন উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তার গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চতুর্থবারের চেষ্টায় মাদকসহ শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটক ব্যক্তির সঙ্গে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।”
এ ঘটনায় গ্রেপ্তার শহিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।