ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন

সেবা ও আর্থিক কার্যক্রমের পরিধি বাড়াতে রাজধানীর উপকণ্ঠ সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সাভার বাজার রোডের আমিন টাওয়ারের চতুর্থ তলায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে ব্যাংকের কার্যক্রমের বিস্তৃতি, গ্রাহকসেবা বৃদ্ধি এবং আনসার-ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও আনসার-ভিডিপির সদস্যদের আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই ব্যাংকের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকের সেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, ব্যাংকের সেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ব্যাংক কার্যক্রমের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা বলেন, আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়ানো গেলে প্রান্তিক পর্যায়ের মানুষের কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে গতি আসতে পারে। সে ক্ষেত্রে নতুন বিভাগীয় কার্যালয় শুধু প্রশাসনিক সমন্বয়ের কেন্দ্র নয়, ঢাকা বিভাগের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভ উদ্বোধন,ঢাকা বিভাগীয় কার্যালয়,আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক,আর্থিক কার্যক্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত