
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসতঘর থেকে একটি চোরাই গরু ও একটি মহিষ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের ঘর থেকে গরু-মহিষ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে মিনি পিকআপে করে মহিষ চুরি করে পালিয়ে আসে চোরের দল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে পিকআপটি উপজেলার দাশের দিঘি হয়ে সারোয়াতলীতে ঢুকে পড়ে।
এ সংবাদে বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সজীবের বসতঘর থেকে চোরাই একটি গরু ও একটি মহিষ উদ্ধার করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তিনি খোলা বিলে মহিষ লালন-পালন করেন। আজ ভোরে চোরের দল প্রথমে একটি পিকআপে করে তার দুটি মহিষ নিয়ে যায়। এরপর আরেকটি মহিষ পিকআপে তোলার সময় তিনি তা দেখে ফেললে তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছিল গাড়িটি।
ওই গাড়িকে আটকানোর চেষ্টা করেও তিনি সফল হননি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপের গতি রোধের চেষ্টা করেছিলেন তিনি। তবে পিকআপের ধাক্কায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চালকও আহত হয়েছেন।