ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

দৌলতদিয়া ফেরিঘাটে ২৮৬ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

দৌলতদিয়া ফেরিঘাটে ২৮৬ বোতল মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

র‌্যাব জানায়, তল্লাশির সময় দুটি যানবাহন থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। এছাড়া ১৮৭ বোতল ফেয়ারডিলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুরের বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ৪,২৮৬ বোতল মাদক,দৌলতদিয়া ফেরিঘাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত