
চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. শাহাব উদ্দীন তার প্রতীক ‘আনারস’ মার্কা নিয়ে বাজারে ধারাবাহিক ও জোরালো প্রচারণা চালিয়েছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও ভোটের উদ্দেশ্যে তিনি হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গণসংযোগকালে তিনি ৮নং ওয়ার্ড কাজী বাড়ি মসজিদে আসর নামাজ এবং পরবর্তীতে স্বর্ণকলি কেজি স্কুলসংলগ্ন মসজিদে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। মেইন রোডের উত্তর ও দক্ষিণ পাশসহ টোরাগড় মেইল গেট এলাকার বিভিন্ন ছোট-বড় বিপণিবিতানে গিয়ে তিনি সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগকালে মো. শাহাব উদ্দীন বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি সকল ব্যবসায়ীর মূল্যবান ভোট ও সমর্থন প্রার্থনা করেছেন।
স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও এই গণসংযোগ ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।