ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

খানসামায় রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

খানসামায় রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মিস. তাকাহাশি জুনকো, প্রজেক্ট প্রমোশনাল অ্যাডভাইজার মিস. ওকাদা আকিকো ও প্রোগ্রাম অফিসার সমন্বয়ে সোমবার তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল দিনাজপুর এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় দিনাজপুর জেলার খানসামা উপজেলায় কাচিনীয়া বাজার বেলান রিভার উপ-প্রকল্পটি পরিদর্শন করেন।

পরিদর্শনের প্রথম পর্যায়ে খানসামা উপজেলা কনফারেন্স রুমে প্রকল্পের ওপর একটি ব্রিফ প্রেজেন্টেশন করেন প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক। এরপর প্রকল্প পরিচালকসহ পরিদর্শন টিমের সকল সদস্য কাচিনীয়া বাজার বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শন করেন।

এ পর্যায়ে প্রথমে এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক মো. সানিউল হক এবং দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন উপ-প্রকল্প সম্পর্কে পরিদর্শক টিমকে সংক্ষিপ্ত উপস্থাপনা দেন। অতঃপর পরিদর্শন টিম রাবার ড্যাম চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিদর্শনের শুভ সূচনা করেন।

এরপর রাবার ড্যাম সংলগ্ন পাম্প হাউস এবং পরে হেডার ট্যাংক পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন টিম বেলান রিভারে মৎস্য অবমুক্ত করে ভবিষ্যতে রিভারে মৎস্য চাষের শুভ সূচনা করেন। এছাড়াও পরিদর্শক দল উপ-প্রকল্পের জন্য গঠিত পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন।

এছাড়াও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পুরুষ ও মহিলা সদস্যদের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা সদস্যরা তাদের জীবনমান উন্নয়নের অভিজ্ঞতা, সার্থকতা এবং তাদের তৎপরতার বর্ণনা দেন। এতে পরিদর্শন দল খুবই আনন্দ উপভোগ করেন।

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তৎপরতা ও সফলতা এবং রাবার ড্যাম, হেডার ট্যাংক, সেচ পরিচালনাসহ ভবিষ্যৎ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনার কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আশা করেন, ভবিষ্যতে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি পূর্ণাঙ্গ দায়িত্ব সহকারে অবকাঠামোগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে জনগণকে সুফল পৌঁছে দেবে। তিনি উপ-প্রকল্প এবং সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উজ্জ্বল সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে নারায়ণ চন্দ্র সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি, দিনাজপুর অঞ্চল), পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এবং উপস্থিত ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা জাইকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই উপ-প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় দিনাজপুর এলজিইডির সিনিয়র প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ ও খানসামা উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল,জাইকা,সাইট পরিদর্শন,রাবার ড্যাম,খানসামা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত