
চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে পৃথকভাবে বিদ্যালয় দুটির হলরুমে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামের ইতিহাস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ের ওপর কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। মহানবী (সা.)-এর জীবনী ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আকবার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিলুফার ইয়াছমিন, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান তুহিন, সিনিয়র শিক্ষক মোঃ ইউনুস মিয়া, সহকারী শিক্ষক মোঃ শরীফ হোসেন আবীর, পেয়ারা আহমেদ ভূঁইয়া, তাওফিকা আক্তার ও সহকারী শিক্ষক মোঃ আবদুল মালেক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ নুরুল আমিন।
অন্যদিকে, হাজীগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নূরে আলম, মিল্লাদ হোসেন, আজিজুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও জ্ঞানচর্চায় উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
কুইজ ও হামদ-নাত প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।