ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, সংঘর্ষ

শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, সংঘর্ষ

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাসের ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এছাড়াও দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার ওপর বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এতে করে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সব রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার রাত ৯টার সময় বাসা থেকে শ্রমিক নেতা শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরপরই শ্রমিকরা সড়ক অবরোধসহ থানা ঘেরাও করে রেখেছেন।

বিক্ষোভকারীরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

শ্রমিকদের অভিযোগ, জনপ্রিয় নেতা বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন তারা।

এছাড়া দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন শ্রমিকরা। তবে বাদশাকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানায়, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোতয়ালী থানার গেটের সামনে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে চারজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিকরা এ সময় চিৎকার করে বলতে থাকেন, ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তিরা এই হামলা চালিয়েছেন।

এ বিষয়ে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, দিনাজপুর জেলা থেকে বুধবার (২৬ আগস্ট) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও কোনো সুরাহা হয়নি।

এদিকে দিনাজপুর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তি দাবি করেছেন। তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

সংঘর্ষ,সড়ক অবরোধ,দিনাজপুর,শ্রমিক নেতা,মুক্তি দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত