
রংপুরের পীরগঞ্জে কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জিনিয়াস একাডেমিক কেয়ারের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকালে পীরগঞ্জ কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
জিনিয়াস একাডেমিক কেয়ার পীরগঞ্জ, রংপুরের পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু সহ জিপিএ-৫ প্রাপ্ত একাধিক শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে জিনিয়াস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট এবং মেধাবৃত্তি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, ‘আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। মেধার সঠিক মূল্যায়ন এবং পৃষ্ঠপোষকতা পেলে এরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অনন্য ভূমিকা রাখতে পারবে। জিনিয়াস একাডেমিক কেয়ারের এই উদ্যোগ শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত করবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে জিনিয়াস একাডেমিক কেয়ারের পরিচালক, কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।