
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় দোকান মালিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার ভোরে ওই বাজারের একটি দোকানে আগুন লেগে যায়। এ আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে বাজার এলাকায় ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে বাজারের ৭টি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। এ অগ্নিকাণ্ডে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
এদিকে, এলাকাবাসী ঐতিহ্যবাহী নিমগাছি বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। একইসঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবিও জানানো হয়েছে।