ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ঘটনার চার দিন পরও অন্তত ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এতে প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) রাতে দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পৃথক আরেকটি তথ্যে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, ৭৮১ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৫০২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

মূলত, গত কয়েকদিন ধরে নেপালের একাধিক সংস্থা থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সরকারি পরিসংখ্যানের সাথে সবসময় সেই তথ্যের মিল থাকে না।

এছাড়াও নিখোঁজের তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার থাকা, উদ্ধার হওয়ার পরও তালিকা থেকে নাম বাদ না পড়া এবং দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বিভিন্ন সংস্থার হিসাবেও পার্থক্য দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিহত ও নিখোঁজের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা কঠিন।

এদিকে শত শত উদ্ধারকৃত মরদেহের অবস্থা অত্যন্ত বিকৃত ও পরিচয়হীন হওয়ায় গণকবর দেওয়া শুরু করেছে প্রশাসন। তবে পরিচয় শনাক্তকরণের সুবিধার্থে সমাহিত করার আগে প্রতিটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হচ্ছে।

এনডিআরআরএমএ আরও জানিয়েছে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ২ হাজার ৭১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও প্রতিকূল আবহাওয়ার মাঝেই উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনেরও বেশি মানুষকে উপদ্রুত এলাকা থেকে সফলভাবে উদ্ধার করতে পেরেছে।

সূত্র: সিএনএন, বিবিসি

আবা/এসআর/২৬

নেপাল,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত