
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের যাত্রীদের জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হাসান সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আশরাফ আলী ওরফে ঝন্টুর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার মধ্যরাতে শাহজাদপুর থেকে চার ব্যক্তি প্রাইভেটকারযোগে উল্লাপাড়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন।
পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৪/৫টি মোটরসাইকেলে থাকা ১০/১২ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রাইভেটকারটি থামায়। পরে তারা গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে যায় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় যাত্রীদের একজন বিশেষ কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও হাসান সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সোলায়মান হোসেন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন।
ওসি মেহেদী হাসান জানান, মামলায় জড়িত অন্যদের গ্রেফতারে ইতোমধ্যে এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়েছে।