
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, মাদরাসা সুপার আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বারেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, ওসি অর্পণ কুমার দাস প্রমুখ।
মানববন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী, যুবসমাজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সীমান্তঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।