ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

১৪ কোটি টাকা বকেয়া, সিরাজগঞ্জে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৪ কোটি টাকা বকেয়া, সিরাজগঞ্জে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক এলাকায় এম এ মতিন কটন মিলে প্রায় ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। তবে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও তোপের মুখে প্রায় দুই ঘণ্টা পর সংযোগ পুনরায় চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিলটিতে দীর্ঘদিন ধরে ১৩ কোটি ৬৫ লাখ টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল পরিশোধের জন্য পিজিসিএলের পক্ষ থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও মিল কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি।

এ অবস্থায় সোমবার সকালে পিজিসিএল কর্তৃপক্ষ মিলটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এতে শ্রমিক ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পিজিসিএলের কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে আলোচনা শেষে দুপুরে পিজিসিএল পুনরায় গ্যাস সংযোগ চালু করে।

মিলের ব্যবস্থাপক (স্টোর) শফিকুল ইসলাম বলেন, ‘গ্যাস কোম্পানির লোকজন হঠাৎ মেইনটেনেন্সের কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ কারণে মিলের শ্রমিক ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে।’

তিনি বলেন, বৈঠকে আলোচনা সাপেক্ষে বকেয়া বিল পরিশোধের জন্য ৩ কোটি টাকার একটি চেক দেওয়া হয়েছে এবং অবশিষ্ট টাকা যথাসময়ে পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এরপর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হয়। এতে শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশ প্রশাসন প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

গ্যাস সংযোগ,সিরাজগঞ্জ,বকেয়া,১৪ কোটি টাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত