
সামারি ট্রায়ালের মাধ্যমে এক দিনের মধ্যেই একটি মাদক মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামি মনিরকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস এ রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, এর আগে সদর উপজেলার বেতিলারচর এলাকা থেকে মনির নামে এক ব্যক্তিকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম এক দিনের মধ্যেই শেষ করা হয়। রায়ে আসামিকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত বিচার কার্যক্রমের এ উদ্যোগ মামলার জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এক দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করায় বিচারকের এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে।