
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম খান বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। আটক গোলাপী বেগম একই এলাকার ইমান সরদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই দিন আগে নজরুল ইসলামের মেয়ে রুনা তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার ও তার পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে শুক্রবার ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগম নজরুল ইসলাম খানের বাড়ির সামনে আসেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে বাগবিতণ্ডার একপর্যায়ে ইট ও লাঠি দিয়ে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
এ সময় নজরুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।