
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড় সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি মনোয়ার মোল্লা (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মনোয়ার মোল্লা আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের মৃত খোদন মোল্লার ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমানের নেতৃত্বে এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার হাতিকাটা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় মনোয়ার মোল্লাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মনোয়ার মোল্লার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৩২৬ ধারাসহ The Explosive Substances Act, ১৯০৮-এর ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।