
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর বাজার থেকে ভেন্নাকান্দা চৌরাস্তা বাজার সড়কের ভাঙন ধরা একটি ব্রিজ দ্রুত সংস্কার করা হয়েছে। মাত্র দুই দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার ব্রিজটির মেঝেতে ভাঙন দেখা দেয়। বিষয়টি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে দ্রুত সংস্কারকাজ শুরু করা হয়। সংশ্লিষ্টদের তৎপরতায় গত দুই দিনের মধ্যেই ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটিতে ভাঙন দেখা দেওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল। দ্রুত সংস্কার হওয়ায় সেই শঙ্কা দূর হয়েছে। সময়মতো উদ্যোগ নিয়ে ব্রিজটি সংস্কার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
তবে স্থানীয়দের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজটি স্থায়ীভাবে পুনর্নির্মাণে জরুরি হস্তক্ষেপ করা হবে।