ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আজমুল হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আজমুল হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

খুলনায় নির্মম হত্যাকাণ্ডের শিকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. আজমুল হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ গ্রাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজমুলের নিজ গ্রামের মসজিদগুলোতে জুমার নামাজ আদায় শেষে শত শত সাধারণ গ্রামবাসী, স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে প্রধান সড়কে এসে জড়ো হন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নিয়ে নিহত আজমুলের শোকার্ত বাবা-মা ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, “আমাদের শান্ত ও মেধাবী ছেলেটাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পৈশাচিক নির্যাতন করে মেরে ফেলা হলো। আমরা আর কিছু চাই না, শুধু আমাদের সন্তান হত্যার দ্রুত ও সঠিক বিচার চাই।”

মানববন্ধনে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ছাত্রনেতারা বক্তব্য দেন। তারা আজমুল হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ অজ্ঞাতনামা সব অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজমুলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে পুরো জেলাজুড়ে আরও কঠোর কর্মসূচি, এমনকি রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ছাত্রাবাসে আজমুল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে প্রধান আসামি এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে। তবে নিজ গ্রামের বাসিন্দারা বাকি সব পলাতক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

চুয়াডাঙ্গায় মানববন্ধন,বিচারের দাবি,আজমুল হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত