
দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’ পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে চড়ারহাট শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বক্তব্যে তিনি বলেন, ১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস নবাবগঞ্জের ইতিহাসের এক ঘৃণ্যতম অধ্যায়। এ দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কবিরুল ইসলাম কবিরসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. আজগর আলীসহ কলেজের প্রভাষক, সহকারী অধ্যাপক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে, যুদ্ধাহত পরিবারের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চড়ারহাট বধ্যভূমির স্মৃতিমিনারে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে গণকবরস্থানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।