
সিরাজগঞ্জে অসাধু ব্যবসায়ীরা চিংড়ি মাছে জেলি পুষ করে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে জেলা উপজেলা মৎস্য কর্মকর্তারা বিভিন্ন হাট বাজারে ইতিমধ্যেই অভিযান শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাছের আড়ত ও হাট বাজারে চিংড়ি মাছে ওজন বাড়ানোর জন্য জেলি পুষ করে বিক্রি করে আসছে অসৎ ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার কুতুবের চর মাছের আড়তে উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ অভিযানে ওই আড়তে জেলি পুশ করা প্রায় ৪৫০ কেজি চিংড়ি ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর এবং ওজন বাড়ানোর জন্য এসব চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। জব্দ করা চিংড়ি মাছ মাটি চাপা দিয়ে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান উল্লেখ করেন।