ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিংয়ে খুলনায় ৭০ সাংবাদিককে প্রশিক্ষণ

মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিংয়ে খুলনায় ৭০ সাংবাদিককে প্রশিক্ষণ

খুলনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। খুলনা জেলা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৭০ জন প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, দেশকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জরুরি। সাংবাদিকতা ও জনগণের সুরক্ষার জন্যই ফ্যাক্টচেকিং করতে হবে। এ জন্য পিআইবি দেশজুড়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করার কাজ করে চলেছে।

প্রধান অতিথি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিকদের অবশ্যই সফট স্কিল অর্জন করতে হবে। এর মাধ্যমে তাদের নানা ধরনের কাজের সুযোগ তৈরি হবে। তিনি সাংবাদিকদের সুচিন্তিত উপায়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা নিজেদের কাজে ব্যবহার করার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে মোস্তফা সরোয়ার বলেন, এআই সাংবাদিকদের কাজ সহজ করছে। তবে অবাধে এআইয়ের সহায়তা নিয়ে যাচাই-বাছাই ছাড়া তথ্য ব্যবহারের ফলে অনেক ভুল তথ্যও প্রকাশিত হচ্ছে। এতে সাংবাদিকতা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।

গত ১২ অক্টোবর এ প্রশিক্ষণ শুরু হয়। খুলনা প্রেসক্লাবে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিকের জন্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আইকিউএসি ট্রেনিং রুমে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৫ জন সদস্যের জন্য পৃথকভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাল্টিমিডিয়া স্টোরিটেলিং, মোবাইল জার্নালিজম, সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার এবং ভুয়া সংবাদ শনাক্তকরণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়।

৭০ সাংবাদিককে প্রশিক্ষণ,ফ্যাক্টচেকিং খুলনা,মাল্টিমিডিয়া সাংবাদিকতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত